নিজস্ব প্রতিবেদকঃ মন্ত্রিসভার সদস্য হিসেবে এমপি খোকন তালুকদারকে দেখা যেতে পারে এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে বেশ জোরালো। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও সদরের আংশিক) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আনিসুর রহমান তালুকদার খোকনের নাম সম্ভাব্য মন্ত্রী বা প্রতিমন্ত্রীর তালিকায় বেশ গুরুত্বের সাথে উচ্চারিত হচ্ছে। বিগত সরকারের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মাদারীপুর -৩ সংসদীয় আসন। এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত মনোনীত প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ২০১৮ সালেও তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান খোকন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই কর্মঠ নেতা একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিগত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শতাধিক মামলার আসামি হন এবং একাধিকবার কারাবরণ করেন খোকন। এমনকি তিনি দীর্ঘ সময় গুমের শিকারও ছিলেন। চরম নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়েও তিনি রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ভূমিকা রেখেছেন।
সাবেক সরকারের দমন-পীড়নের মধ্যেও মাদারীপুরের মতো প্রতিকূল এলাকায় দলকে সংগঠিত করতে এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী কাঠামো গড়ে তুলতে তিনি নিরলস কাজ ভাবে করেছেন।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মাদারীপুরে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে বড় বড় শোডাউন দিয়ে তিনি তৎকালীন সরকারের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় চলে আসেন।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, দলের হাইকমান্ডের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত নেতাদের মধ্যে খোকন অন্যতম। দীর্ঘদিনের ত্যাগ ও মাঠপর্যায়ের জনপ্রিয়তার মূল্যায়ন হিসেবে সম্ভাব্য মন্ত্রিপরিষদের প্রাথমিক আলোচনায় তার নাম জোরে শোরে শোনা যাচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তিনি নতুন সরকারে পূর্ণমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মাদারীপুর বাসীর দাবি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাদারীপুর বাসীর দাবি, মাদারীপুর ৩ সংসদীয় আসনের এমপি আনিসুর রহমান খোকন তালুকদারকে আমরা মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই।