নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরের কুমার নদের ওপর নির্মিত তরমুগুরিয়া জিপিএস-লক্ষীগঞ্জ-নতুন মাদারীপুর-চরমুগুরিয়া সড়কের নতুন সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন সম্ভাবনার দুয়ার।শুক্রবার (২৬ জুন) দুপুরে সেতুটির কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে সরকার জাতির কাছে রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই সেতুর উদ্বোধন সেই উন্নয়ন কর্মকাণ্ডেরই একটি দৃশ্যমান উদাহরণ। রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি বলেন।
তরমুগুরিয়া এলাকায় কুমার নদের ওপর নির্মিত ১৯৫ মিটার দৈর্ঘ্যের এবং ৭৫ মিটার স্টিল আর্চ পিএসসি গার্ডার সেতুটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। সেতুটির কাজ চালু হওয়ায় মাদারীপুরের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। সংসদ সদস্য জাহান আরও বলেন, মানব পাচার, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, লুটপাট ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। এসব অপরাধ দমনে সমাজের প্রতিটি মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাজৈর অঞ্চলে মানব পাচারকারীদের প্রতারণার শিকার হয়ে অনেক পরিবারকে স্বজন হারাতে হয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেজন্য সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সময় কিছু মানুষের সাময়িক অসুবিধা হয়। তবে বৃহত্তর জনগণের সুবিধা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়। এই সেতু চালুর ফলে এলাকার মানুষ হয়রানি ছাড়াই সহজে যাতায়াত করতে পারবেন।

জানা গেছে, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই সেতু প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ২৬ লাখ ৮৮ হাজার টাকা। প্রকল্পটির কাজ ২০২৭ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডিiu)-এর নির্বহী প্রকৌশলী বাদল কীর্তনীয়া, সদর উপজেলার প্রকৌশলী মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু ও লাভলু হাওলাদারসহ জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।