ভোলায় বৃষ্টিতে ভিজে সহকর্মীর উপর হামলার বিচার চাইলেন সাংবাদিকরা
- আপডেট সময় : ০১:৩২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৪৫৬ বার পড়া হয়েছে

রাকিব হোসেন, ভোলাঃ সময় সংবাদের স্টাফ রিপোর্টার নাসির উদ্দীন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথ উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভোলা জেলার স্থানীয় গণমাধ্যম কর্মিরা। আজ শনিবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে বৃষ্টিতে ভিজে এ মানববন্ধনে অংশ অর্ধ শতাধিক সাংবাদিকরা।
গণমাধ্যম কর্মিরা অভিযোগ করেন, দৌলতখান উপজেলা বিএনপির নেতা কাজী রাসেলের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত দলীয়ভাবে তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা করে কেউ কখনো জনপ্রিয় নেতা হতে পারেনি, ইতিহাসে এর নজির খুবই কম। সাংবাদিকরা গণমানুষের কথা তুলে ধরেন, অথচ তাদের উপর হামলা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের জন্য হুমকি স্বরূপ।
তারা আরও বলেন, কেউ কেউ অভিযোগ করেন সাংবাদিকরা ঐক্যবদ্ধ নন। কিন্তু আজকের কর্মসূচি প্রমাণ করেছে, সাংবাদিকরা অধিকার রক্ষা ও অন্যায়ের প্রতিবাদে সবসময় ঐক্যবদ্ধ।
সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হামলার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।











